রানী হামিদকে হারিয়ে নোশিনের শুভসূচনা

জাতীয় নারী দাবা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২০ অক্টোবর সোমবার বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে হারিয়ে শুভ সূচনা করেছেন।

এদিকে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন হারিয়েছেন নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে।

অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন।

এছাড়া কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো বাংলাদেশ নৌবাহিনীর নারী নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস বরিশালের জান্নাতুল প্রীতিকে হারিয়েছেন।

তবে দুই বোনের লড়াইয়ে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ নিজ দলের নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদের সাথে ড্র করেন।

উল্লেখ্য জাতীয় নারী দাবা প্রতিযোগিতায় এবার ১২ জন নারী দাবাড়ু রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করছেন।

আগামীকাল ২১ অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও জান্নাতুল প্রীতি, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ এবং নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু পরস্পরের সাথে খেলবেন।