নোশিন শীর্ষে, পেছনে আলো

জাতীয় নারী দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ৫.৫ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম এককভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো।

অপরদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ যুগ্মভাবে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

একদিন বিরতির পর সপ্তম রাউন্ডের খেলা আজ ২৭ অক্টোবর সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়। এদিনে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা এবং নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ পরস্পরের সঙ্গে ড্র করেন।

তবে নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ বরিশালের জান্নাতুল প্রীতিকে, বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে এবং মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজারানা খান ইভা নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে পরাজিত করেন।

আগামীকাল ২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩-৩০ টায় একই ভেন্যুতে অষ্টম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও জান্নাতুল প্রীতি, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস এবং নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো পরস্পরের সঙ্গে মোকাবেলা করবেন।