জাতীয় নারী দাবা প্রতিযোগিতার নবম রাউন্ড শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
তবে সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে শিরোপা রেসে ফেরতে মরিয়া বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২৯ অক্টোবর বুধবার নবম রাউন্ডে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ বাংলাদেশ বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিনকে এবং নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন।
এছাড়া নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম এবং বরিশালের জান্নাতুল প্রীতি ও বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদের সাথে ড্র করেন।
আগামীকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩-৩০ টায় একই ভেন্যুতে দশম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও জান্নাতুল প্রীতি এবং নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসের সাথে খেলবেন।
