জাতীয় নারী দাবা প্রতিযোগিতার দশম রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। শিরোপা অক্ষুন্ন রাখার জন্য আগামীকাল শুক্রবার একাদশ বা শেষ রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করলেই চ্যাম্পিয়ন হবেন।
এদিকে সাত পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ।
অপরদিকে কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার দশম রাউন্ডে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদের সাথে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিনের সাথে ও বরিশালের জান্নাতুল প্রীতি নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবার সাথে ড্র করেন।
তবে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসের কাছে হেরে যান। নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়াদিফা আহমেদ মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরান ইভাকে পরাজিত করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে হারিয়েছেন।
আগামীকাল ১ নভেম্বর শুক্রবার বিকেল ৩-৩০ টায় একই ভেন্যুতে একাদশ বা রাউন্ডে নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, জান্নাতুল প্রীতি ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু এবং নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদের সাথে খেলবেন।
