স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৬.৫ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দ্বিতীয়স্থানে রয়েছেন।
এদিকে ৬ পয়েন্ট পেয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ তৃতীয়স্থানে অবস্থান করছেন।
তবে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থস্থানে রয়েছেন।
এছাড়া ৫ পয়েন্ট করে অর্জন করেছেন বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন।
আজ ৫ জানুয়ারি বুধবার হোটেল এশিয়া রিসোর্টের ক্রাউন হলে নবম রাউন্ডে জিয়া ও পরাগ, রাজীব ও শরীফ, নিয়াজ ও রাকিব, মিনহাজ ও দেবরাজ একে অপরের সঙ্গে ড্র করেন।
এদিকে তাহসিন রিফাতকে, সুব্রত নীড়কে ও নাইম আমিনুলকে পরাজিত করেন।
আগামীকাল ৬ জানুয়ারি বৃহস্পতিবার খেলার বিরতি-দিন। দশম রাউন্ডের খেলা ৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।
