সুলতানা কামাল জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ আগামী ৭ নভেম্বর থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে। অংশগ্রহণে আগ্রহী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রী, বিভিন্ন জেলা, বিভাগ, সার্ভিসেস সংস্থা ও সংগঠনের নারী দাবাড়ুদের জন্য এ আসর উম্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী খেলোয়াড়দের ৬ নভেম্বর রোববারের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম তালিকাভুক্ত করার জন্য বলা হয়েছে।
এ চ্যাম্পিয়নশিপ ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ জন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ৪০তম নারী দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন। গতবারের চ্যাম্পিয়ন নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ও রানারআপ নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা এবং দুই নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও শারমিন সুলতানা শিরিন সরাসরি খেলার সুযোগ পাবেন।
আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এ আসর অনুষ্ঠিত হবে।
