গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
তবে একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রানারআপ হয়েছেন।
এদিকে ৬.৫ পয়েন্ট করে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর তৃতীয় ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ চতুর্থ এবং ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল পঞ্চম স্থান লাভ করেন।
অপরদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম মহিলা ষষ্ঠ, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ সপ্তম ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম অষ্টম হয়েছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২২ ফেব্রুয়ারি শনিবার নবম বা শেষ রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও স্বর্নাভো চৌধুরী এক অপরের সঙ্গে ড্র করেন। কিন্তু আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম রায়ান রশিদ মুগ্ধকে, মো. নাসির উদ্দিন অপু নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে ও ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ আয়ান রহমানকে পরাজিত করেন।
এছাড়া ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদেমাস্টার মো. শরীফ হোসেনে বিরুদ্ধে, তাশরিক সায়ান শান ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের বিরুদ্ধে ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ এমএম জহিরুল ইসলামের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় সেন্ট যোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে ৭ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় ৩১ জন ২০০০ এর উর্ধ্ব রেটিং প্রাপ্ত খেলোয়াড় অংশগ্রহণ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলম।
