নৌবাহিনী ও পুলিশ শীর্ষে

ওয়ালটন প্রথম বিভাগ নারী দাবা লিগের তৃতীয় রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও গতবারের রানার্সআপ বাংলাদেশ পুলিশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৪ মার্চ তৃতীয় রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, কাজী জারিন তাসনিম যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ওয়ারিসা হায়দার, রাউবা সোবহান অধরা ও ফারিহা সুমনাকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর ওয়ারসিয়া খুশবু উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ফারজানা জাহিনের বিরুদ্ধে ওয়াক ওভার পান।

বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে নুশরাত জাহান আলো, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি, নারী ফিদেমাস্টার তনিমা পারভীন ও ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার ভেলাভান ভার্ষিনি যথাক্রমে শাহিন চেস ক্লাবের নুশরাত জাহান লিজা, আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী ও কিশোয়ার সাজরীন ইভানাকে পরাজিত করেন।

শেখ রাসেল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করে। শেখ রাসেল চেস ক্লাবের পক্ষে জারিন তাসনিম, ইনায়া জামান খান ও ফাতিহা আইনুন দিয়া যথাক্রমে টিম বরিশালের সিদরাতুল মুনতাহা, তাহিরা আমানি ও রামিসা সায়েরা মুমিনাকে পরাজিত করেন। টিম বরিশালের সোনিয়া আক্তার শেখ রাসেল চেস ক্লাবের জোয়েনা মেহবীশকে পরাজিত করেন।

বসির মেমোরিয়াল চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। বসির মেমোরিয়াল চেস ক্লাবের কৌমুদি নার্গিস, শারমীন খানম, আফরোজা হক চৌধুরী ও মাহজাবিন ইসলাম যথাক্রমে বসির মেমোরিয়াল চেস একাডেমির রেশমা আলম, সানজিদা খানম মিতুল, মনিকা কুন্ডু ও সৈয়দা নুসাইবা মাহমুদকে পরাজিত করেন।