নৌবাহিনী ও পুলিশ শীর্ষেই

ওয়ালটন প্রথম বিভাগ নারী দাবা লিগের চতুর্থ রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও গতবারের রানার্সআপ বাংলাদেশ পুলিশ পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষেই রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৫ মার্চ চতুর্থ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জমু ও ওয়ারসিয়া খুশবু যথাক্রমে শাহিন চেস ক্লাবের আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা ও জান্নাতুল প্রীতিকে পরাজিত করেন।

বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি, নারী ফিদেমাস্টার তনিমা পারভীন ও ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার ভেলাভান ভার্ষিনি যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের নাজিয়া জাফরিন মোহনা, জারিন তাসনিম, ইনায়া জামান খান ও ফাতিহা আইনুন দিয়াকে পরাজিত করেন।

বসির মেমোরিয়াল চেস একাডেমি ৩-১ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করে। বসির মেমোরিয়াল চেস একাডেমির রেশমা আলম, মনিকা কুন্ডু ও সৈয়দা নুসাইবা মাহমুদ যথাক্রমে টিম বরিশালের সিদরাতুল মুনতাহা, তাহিরা আমানি ও রামিসা সায়েরা মুমিনাকে পরাজিত করেন। টিম বরিশালের সোনিয়া আক্তার বসির মেমোরিয়াল চেস একাডেমির সানজিদা খানম মিতুলকে পরাজিত করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবের সাথে ড্র করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ইশাবা মাসনুন ও ফারিহা সুমনা যথাক্রমে বসির মেমোরিয়াল চেস ক্লাবের শারমীন খান ও ফাহমিদা আফরোজকে পরাজিত করেন। বসির মেমোরিয়াল চেস ক্লাবের কৌমুদি নার্গিস ও মাহজাবিন ইসলাম যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের নাজমিন আক্তার ও ওয়ারিসা হায়দারকে পরাজিত করেন।