ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ আজ (২ জুলাই) রোববার থেকে কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে দ্বিতীয় রাউন্ড শেষে অনূর্ধ্ব-৮ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ দুই ম্যাচে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে ৩ জনের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।
অপরদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগে নারায়ণগঞ্জের ফিদেমাস্টার মনন রেজা নীড় জয়ী দুই ম্যাচে দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থানে রয়েছেন।
আজ রোববার সকালে প্রথম রাউন্ডে নীড় কিরগিজস্তানের কুবেনিচবেকভ এসিলটাইকে এবং মুগ্ধ কিরগিজস্তানের মুহামেদজানভ উমরকে পরাজিত করেন। তবে বিকালে দ্বিতীয় রাউন্ডে মুগ্ধ কিরগিজস্তানের বেকনাজারভ রহিমকে হারালেও নীড় উজবেকস্তানের ফিদেমাস্টার রাখমাতুলায়েভ আলমাসের সঙ্গে ড্র করেন।
উল্লেখ্য ওপেন অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ৭টি দেশের ১৪ জন খেলোয়াড় এবং ওপেন অনূর্ধ্ব-৮ ক্যাটাগরিতে ৬টি দেশের ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
