ষষ্ঠ রাউন্ডে ড্রয়ের ছড়াছড়ি

গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট-১ প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষ রয়েছেন।

তবে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ৪ ম্যাচে ৩.৫ পয়েন্ট পেয়েছেন। আজ (১৬ ফেব্রুয়ারি) তিনি পঞ্চম ও ষষ্ঠ রাউন্ড খেলেননি। আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) সকালে পঞ্চম রাউন্ড এবং আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ষষ্ঠ রাউন্ডে অংশ নিবেন।

রাজধানীর মেরুল বাড্ডার ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে সকালে পঞ্চম রাউন্ডে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ ও ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান একে অপরের সাথে ড্র করেন। ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে লঙ্কান আন্তর্জাতিকমাস্টার মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ও ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গ ও শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভার মধ্যকার চতুর্থ রাউন্ডের খেলা দুটি স্থগিত রয়েছে।

বিকালে ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার পানিসার বিদান্ত, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও দিবেন্দ্য বড়ুয়া এবং আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী ও ফিদেমাস্টার আরধ্য গর্গের সাথে ড্র করেন।

আগামীকাল ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।