নীড় ও তাহসিন শীর্ষে

বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

তবে ২ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের ৪ জন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

আজ মঙ্গলবার ২৫ জুন বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ফিদেমাস্টার মনন রেজা নীড় বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হককে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন।

এদিকে গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সাথে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীর সাথে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীর সাথে ড্র করেন।

আগামীকাল বুধবার ২৬ জুন বিকেল ৩ টা থেকে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।