গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ৩ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে আড়াই পয়েন্ট নিয়ে ৫ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী।
আজ বুধবার ২৬ জুন বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে ও অনত চৌধুরী ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন।
তবে ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার সেখ নাসরি আহমেদের সাথে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে, ফিদেমাস্টার নাইম হক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সাথে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে এবং ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।
আগামীকাল ২৭ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
