বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ৪ পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন।
এদিকে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।
অপরদিকে ৩ পয়েন্ট নিয়ে ৪ জন তৃতীয়স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল।
আজ ২৭ জুন বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী অনত চৌধুরীকে ও ফিদেমাস্টার নাইম অমিত বিক্রম রায়কে পরাজিত করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন।
আগামীকাল ২৮ জুন শুক্রবার বিকেল ৩টায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
