শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন তাহসিন-সাকলাইন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের অষ্টম রাউন্ড শেষে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। উভয় ৬.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

তবে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ।

এছাড়া ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল মো. নাসির উদ্দনকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, স্বর্নাভো চৌধুরী ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম মোহাম্মদ সাগরকে, রায়ান রশিদ মুগ্ধ নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, আয়ান রহমান এমএম জহিরুল ইসলামকে ও সাফায়েত কিবরিয়া আজান নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরীকে পরাজিত করেন। কিন্তু ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগরের সাথে ও মো. মঞ্জুর আলম নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভার সাথে ড্র করেন। তাশরিক সায়ান শান ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় উর্ধ্ব ২০০০ রেটিং গ্রুপের নবম বা শেষ রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।