বিশ্ব জুনিয়র দাবায় নীড়-তাহসিন

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এ চ্যাম্পিয়নশিপে দেশের দুই উদীয়মান দাবাড়ু অংশ নিতে যাচ্ছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

মন্টিনিগ্রোর উদ্দেশ্যে আজ ২৩ ফেব্রুয়ারি রোববার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া এবং তাদের সহযাত্রী তাহসিন তাজওয়ার জিয়ার মাতা তাসমিন সুলতানা ঢাকা ত্যাগ করেছেন।

বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের খেলা ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ৬১টি দেশের ১৩ জন গ্র্যান্ডমাস্টার, ৩৭ জন আন্তর্জাতিকমাস্টার ও ৪৭ জন ফিদেমাস্টারসহ মোট ১৬৬ জন খেলোয়াড় এবার অংশগ্রহণ করতে যাচ্ছেন।

উল্লেখ্য বিশ্ব জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হলে সরাসরি গ্র্যান্ডমাস্টার খেতাব এবং রানারআপ ও তৃতীয় হলে সরাসরি আন্তর্জাতিকমাস্টারের খেতাব পাওয়া যায়। এছাড়া গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিকমাস্টার নর্ম অর্জন করাও সম্ভব।