শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে তিতাস ক্লাব

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের ষষ্ঠ রাউন্ড শেষে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে তিতাস ক্লাব। ক্লাবটি পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। তবে ৯ পয়েন্ট সংগ্রহ করে মানহা’স ক্যাসেল ও স্পোর্টস বাংলা যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ৮ পয়েন্ট নিয়ে লিওনাইন চেস ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৯ এপ্রিল ষষ্ঠ রাউন্ডে তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্ট খেলাঘর দাবা সংঘকে, স্পোর্টস বাংলা ২.৫-১.৫ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে, ম্যানহা’স ক্যাসেল ৩.৫-০.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে, বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে এবং দীপালী মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে।

সপ্তম রাউন্ডের খেলা ৩০ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় একই ভেন্যুতে শুরু হবে।