চতুর্থ রাউন্ড শেষে সাকলাইন-শাকের-ঐতিজ্য-খুশবু শীর্ষে

জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে চতুর্থ রাউন্ড শেষে ৩ জন পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ ও ঢাকার ঐতিজ্য বড়ুয়া শীর্ষে রয়েছেন। তবে সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ও জয়পুরহাটের মো. নাফিস ফুয়াদ জাহিন।

এদিকে বালিকা বিভাগে চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। তবে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

আজ ১০ অক্টোবর শুক্রবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনে চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়রকে, মোহাম্মদ শাকের উল্লাহ রাদমিম রাহা রাজ্যকে, ক্যতিজ্য বড়ুয়া ক্যান্ডিডেটমাস্টার মোঃ সাজিদুল হককে পরাজিত করেন। বালিকা বিভাগের চতুর্থ রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা তানজিলা আক্তারকে, জিন্নাত আক্তার শাহনাজ নুশরাত হাসান নাবাকে, অহনা দে জারিন তাসনিকে, সিদরাতুল মুনতাহা নাফি ফাইরোজ জারিফা সৈয়দাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার রিমঝিম বরষা শৈলীকে এবং রাফিয়া সরকার সামিয়া চৌধুরীকে পরাজিত করেন।

পঞ্চম রাউন্ডের খেলা আজ শুক্রবার বিকালে শুরু হয়। এ রিপোর্ট লেখাকালীন খেলাগুলো চলছিল। আগামীকাল শনিবার বিকেল ৩-৩টায় উভয় ক্যাটাগরির ষষ্ঠ রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।