শেখ কামাল জাতীয় ’বি’ দাবা আজ শুরু

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে।

আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এ চ্যাম্পিয়নশিপে বিভিন্ন বিভাগ, জেলা, সংস্থা, বাহিনী, বিশ্ববিদ্যালয়, গতবারের জাতীয় দাবা চূড়ান্ত পর্বের গ্র্যান্ডমাস্টার ব্যতীত অন্যান্য স্থানপ্রাপ্ত খেলোয়াড়, জাতীয় জুনিয়র ও বালিকা অনূর্ধ্ব-২০ এবং ২১০০ এর উপর রেটিংপ্রাপ্ত শতাধিক খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ ৯ জন খেলোয়াড় বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও রিফাত-বিন-সাত্তার সরাসরি অংশগ্রহণ করার আমন্ত্রণ লাভ করেছেন।