অনিয়মের অভিযোগ, ডিএসএ বলছে নিয়ম মেনেই প্রতিযোগিতা হয়েছে

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ-অনুযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, জেলার বেশকিছু দাবাড়ুরা এতোটাই ক্ষুদ্ধ যে, বিষয়টি তারা বাংলাদেশ দাবা ফেডারেশন পর্যন্ত গড়িয়েছে।

জেলার আন্তর্জাতিক রেটেড দাবাড়ু সাব্বির আহমেদ সেন্টু বলেন, অধিকাংশ দাবাড়ুরাই জানে না কবে জেলা দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। তাদের অভিযোগ- একটি পক্ষকে সুবিধা দিতেই নামকাওয়াস্তে জেলা দাবার আয়োজন করা হয়েছে। যেখানে অধিকাংশ দাবাড়ু বঞ্চিত হয়েছেন। এসব কারণে তারা প্রতিবাদ করে যাচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দাবা উপকমিটির সদস্য সচিব মোস্তফা কাওসার বলেন, নিয়ম মেনেই আমরা জেলা দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছি। এখানে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো অবান্তর।

এক প্রশ্নে মোস্তাফা কাওসার জানান, জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরুর আগে আমরা স্থানীয় পত্র-পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি কবে থেকে জেলা চ্যাম্পিয়নশিপ শুরু হবে। সেগুলোর পেপার কাটিং আমাদের সংগ্রহে আছে। আমরা যে টুর্নামেন্ট করেছি সেটির শিটও বাংলাদেশ দাবা ফেডারেশনে পাঠানো হয়েছে। কাজেই এখানে কোন অনিয়মের প্রশ্নই উঠে না।

অপরদিকে আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ জানান, নারায়ণগঞ্জ দাবার ঐতিহ্য দীর্ঘদিনের। সেই বিবেচনায় বাংলাদেশ দাবা ফেডারেশন এ বছর থেকে ৩ জনের পরিবর্তে ৪ জনকে জাতীয় দাবার বাছাই পর্বে খেলার সুযোগ দিয়েছে।

তবে বাংলাদেশ দাবা ফেডারেশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেলা দাবা নিয়ে কিছু দাবাড়ু যে অনিয়মের অভিযোগ তুলেছেন, সেটা কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে।