শেখ কামাল জাতীয় ‘বি’ দাবায় সুব্রত চ্যাম্পিয়ন

শেখ কামাল জাতীয় ৪৭তম ‘বি’ দাবায় সুব্রত বিশ্বাস ১১ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে ৮.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানারআপ এবং একই দলের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয়স্থান লাভ করেন।

এদিকে ৮ পয়েন্ট করে ৮ জন টাইব্রেকিংয়ে যথাক্রমে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় চতুর্থ, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ষষ্ঠ, অনত চৌধুরী সপ্তম, চট্টগ্রামের হৃষিন তালুকদার অষ্টম, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সবম, ঢাকা সিটির ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন দশম এবং একাদশ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন।

এ আসরের শীর্ষ ৯ জন বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসন রাজীব, জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ, মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও রিফাত বিন সাত্তারকে সরাসরি খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন। সরাসরি আমন্ত্রণ পাওয়ার মধ্যে কেউ যদি অংশ না নেন তাহলে শেখ কামাল ’বি’ দাবা হতে সে স্থান পূরণ করা হবে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে রোববার একাদশ তথা শেষ রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ফিদেমাস্টার তাহসিন মো. আবু হানিফকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ নীলয় দেবনাথকে, ফিদেমাস্টার আমিনুল ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীনকে, হৃষিন ক্যান্ডিডেটমাস্টার নাইম হককে ও ক্যান্ডিডেটমাস্টার শরীফ মো. শফিকুল ইসলামকে পরাজিত করেন।

তবে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ফিদেমাস্টার পরাগের সাথে, অনত ক্যান্ডিডেটমাস্টার নীড়ের সাথে ড্র করেন এবং ক্যান্ডিডেটমাস্টার শাওন ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। এ আসরে ১৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।