জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরের একাদশ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
তবে ৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার একাদশ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় পরস্পরের সাথে ড্র করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে। শুধু তাই নয়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে ড্র করেন। এছাড়া আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেনের সাথে ড্র করেন।
তবে অনত চৌধুরী ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম মোহাম্মদ শাকের উল্লাহকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে পরাজিত করেন।
আগামীকাল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩-৩০টায় একই স্থানে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ বনাম আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন বনাম আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মোহাম্মদ শাকের উল্লাহ বনাম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস বনাম ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বনাম অনত চৌধুরী, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বনাম ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ বনাম ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ পরস্পরের সাথে মোকাবেলা করবেন।
