প্রথম স্ট্রিট ব্লিটজ চেস টুর্নামেন্টে ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৬ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন।
এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে সাধারণ বীমার ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ তৃতীয় এবং জাবেদ আল আজাদ চতুর্থ হয়েছেন।
অপরদিকে ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে পঞ্চম থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, তাহমিদ সাদমান, আলী হোসেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, বাবুল মল্লিক, মনিরুজ্জামান মাসুদ, সিয়াম চৌধুরী এবং ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী।
এছাড়া বাবুল মল্লিক, সওয়াদ হোসেন কাব্য, গোলাম সারোয়ার এবং গোলাম মোস্তফা বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন।
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় প্রথমবারের মতো খোলা রাস্তায় এ প্রতিযোগিতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ১০ সড়কে এ প্রতিযোগিতায় ৪ জন ফিদেমাস্টার এবং ২ জন ক্যান্ডিডেটমাস্টারসহ ৫৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
খেলা শেষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য রাহাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্মআহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। বিজয়ীদের নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়।
